সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
ডিএমপির অভিযান

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ জন

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৬, ১০:৫৫ এএম

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ জন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পরিচালিত এসব অভিযানে দশ হাজার ৩০৬ পিস ইয়াবা, গাঁজা ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৯ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লালবাগ ও তেজগাঁও বিভাগে ৭৮ জন করে, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ২৭ জন, উত্তরা বিভাগে ২৫ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, দশ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন অপরাধমূলক আলামত ও নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত এসব ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।