নভেম্বর ১৬, ২০২৬, ১০:২৫ এএম
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএ ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ শীর্ষক কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
গত রোববার দিবাগত রাত একটার দিকে ইকে ৫৮৫ নম্বর ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধিদলে সংসদীয় সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এছাড়া এই সফরে প্রতিনিধিদলের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর। ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই সফরে যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করা, সংসদীয় কমিটি ব্যবস্থা কার্যকর করা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে আশা প্রকাশ করা হয়েছে যে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন