রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
জাতীয় সংসদ

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৮:০৮ পিএম

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের আবেদন সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে তীব্র সমন্বয়হীনতা ও অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেন।

সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর উদাহরণ টেনে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন এবং গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাই এর সর্বশেষ জলন্ত উদাহরণ।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র নবায়নের আবেদন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভিন্নমুখী বক্তব্যের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা এ বিষয়ে যা বলছেন, তার একটার সাথে অন্যটার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

বক্তব্যে তিনি সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সাম্প্রতিক বক্তব্যের তুলনামূলক চিত্র তুলে ধরেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেছিলেন, হাসিনা নিজে ফিরুন বা তাঁকে ফিরিয়ে আনা হোক—সরকার তাঁর আসা ঠেকাতে চায় না এবং তাঁর পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলেও উপদেষ্টা মন্তব্য করেছিলেন।

এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। গত ৯ নভেম্বর তিনি পুনরায় বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই; বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফেরানোর কথা বলেন তিনি। এছাড়া আবেদনটিকেও তিনি ‍‍`হাস্যকর‍‍` বলে প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট ও এনআইডি আবেদনের প্রসঙ্গে জানান, তিনি এর সত্যতা এখনো যাচাই করতে পারেননি এবং আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ নেবে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রুমিন ফারহানা আরও উল্লেখ করেন, গত ৮ ও ১৪ নভেম্বর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে। এছাড়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না বলেও আইনমন্ত্রী স্পষ্ট জানান।

সরকারের নীতিনির্ধারকদের এমন পরস্পরবিরোধী অবস্থানের কঠোর সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, যেখানে সরকারের একজন উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন আবেদন যাচাই করা হয়নি, ঠিক একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।