নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৩৪ পিএম
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বর্তমান বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৪ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। আমদানির তুলনায় রপ্তানি আয় কম হওয়ায় এই বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে বলে জানান তিনি।
সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করা হয়। এর বিপরীতে আমদানির পরিমাণ ছিল ৭৯ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার। ওই অর্থবছরে বাংলাদেশ থেকে বিশ্বের ২০২টি গন্তব্যে পণ্য রপ্তানি হয়। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্থাৎ ৮৪ শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে।
বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হলে বিভিন্ন ট্রেডিং স্কিমের আওতায় অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারাতে পারে। এর প্রভাবে ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা-১১ আসনের নাহিদ ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ৯ হাজার ২৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলার।
ওই অর্থবছরে ভারতে ১ হাজার ৮০২ দশমিক ১৭ মিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে আমদানি হয়েছে ১১ হাজার ৪৮ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।
কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৬ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। যা আগের বছরের তুলনায় ৪২ দশমিক ৭৯ শতাংশ কম। ২০২৫ সালের বাণিজ্য মেলায় রপ্তানি আদেশের পরিমাণ ছিল ৩৯২ কোটি টাকা। এছাড়া কুষ্টিয়া-২ আসনের মো. আব্দুল গফুরের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রায় ৭২টি দেশ থেকে ওষুধ আমদানি করে থাকে।
সিরাজগঞ্জ-১ আসনের সেলিম রেজার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে সরকার কাজ করছে। চাল, ডাল, তেল ও পেঁয়াজের মতো নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে টিসিবির মাধ্যমে প্রায় এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য দেওয়ার অনুমোদন রয়েছে। বর্তমানে প্রায় ৭৮ লাখ পরিবার প্রতি মাসে নিয়মিত এই সহায়তা পাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন