রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
রমজান বাজার

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৫:০৬ পিএম

রমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম সহনীয় পর্যায়ে রাখতে আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরসহ মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক ২০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৭তম সভায় রমজান উপলক্ষে এসব পণ্যে শুল্ক কমানোর এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এদিন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ, ২০২৭ তারিখ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আগামী ২৪ জানুয়ারি, ২০২৭ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ মেয়াদে নির্দিষ্ট এইচএস কোডভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে রমজানে ফল ও খেজুরের বাজারদর সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।