রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

চিনের বনে মিলল ২০ ইঞ্চি লম্বা বিশাল নতুন প্রজাতির ছত্রাক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৪:১৭ পিএম

চিনের বনে মিলল ২০ ইঞ্চি লম্বা বিশাল নতুন প্রজাতির ছত্রাক

চিনের ইউনান প্রদেশে আবিষ্কৃত নতুন প্রজাতির বিশাল ছত্রাক ডিয়ানজুনাস রেক্স।

চিনের ইউনান প্রদেশের গভীর বনে গবেষকরা বিশালাকার এক নতুন প্রজাতির ছত্রাক আবিষ্কার করেছেন। প্রায় কুড়ি ইঞ্চি বা পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা এই ছত্রাকটির ওজন প্রায় পাঁচ পাউন্ড বা দুই কেজিরও বেশি। কুনমিং ইনস্টিটিউট অফ বোটানির গবেষকরা এই নতুন প্রজাতিটির নাম দিয়েছেন ডিয়ানজুনাস রেক্স। প্রাচীন ডিয়ান সাম্রাজ্য এবং ছত্রাকের চিনা উচ্চচারণ থেকে এই নামকরণ করা হয়েছে।

সাধারণ মাশরুমের মতো এদের কোনো টুপি বা ডাটা থাকে না। অ্যাসকোমাইসিটিস গ্রুপের এই ছত্রাকগুলো স্পোর বা রেণু ছড়ানোর জন্য বিশেষ অঙ্গ তৈরি করে। মাটি থেকে হাত বাড়িয়ে থাকার মতো দেখতে এই ছত্রাকের উপরিভাগ সাদা ও গুঁড়ো ফাইবার দিয়ে ঢাকা থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশ গাঢ় হলুদ রঙে রূপ নেয়।

গবেষকদের তথ্য অনুযায়ী, মৃত গাছের কাঠের শেকড়ের আশপাশে এই ফলের মতো অংশগুলো জন্মায়। সংগৃহীত নমুনার ভেতরের অংশ বেশ ঘন ও স্পঞ্জের মতো এবং এর কোনো তীব্র গন্ধ বা স্বাদ নেই। ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে এই প্রজাতির উদ্ভব হয়েছিল। ডাইনোসর বিলুপ্তির ঠিক পরের সময়টিতে এই ছত্রাকের পূর্বপুরুষদের বিকাশ ঘটেছিল।

বিশাল আকৃতির কারণে বাতাসে সহজে রেণু ছড়াতে সুবিধা হয় বলেই এমন গঠন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে গাছপালার নিচে এই বিশালাকার কাঠামো তৈরির জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। গবেষকদের প্রধান লেখক ড. ইনদুনিল সেনানায়েকে জানান, এই আবিষ্কার পূর্ব এশিয়ার বনগুলোতে লুকিয়ে থাকা বিপুল জীববৈচিত্র্যের এক অপূর্ব নিদর্শন। নতুন এই প্রজাতির মাধ্যমে ছত্রাকের বিবর্তন সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানা সম্ভব হবে।