নভেম্বর ১৫, ২০২৬, ০৪:১৫ পিএম
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনার পর পুলিশ অভিযুক্ত বাসচালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে এবং বাসটি জব্দ করেছে। আজ রোববার (১৫ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে উপজেলার জিগারতল এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন সাইমুম পরিবহনের ওই বাসের চালক মো. আজির হোসাইন (৩৬) এবং হেলপার মো. শফিক বুজুর আলী (৩০)। চালক আজির সুজালপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং হেলপার শফিক বীরগঞ্জের দক্ষিণ সুজালপুর গ্রামের মৃত জয়নালের ছেলে।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমানের ছেলে শাকিল (২৮)। তাঁরা দুজনেই কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় আতিকুল ইসলাম নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের দূরপাল্লার একটি নৈশকোচে ভাড়া পরিশোধ নিয়ে দুই যাত্রীর সঙ্গে বাসের কন্ডাক্টরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সেই বিরোধের জেরে চলন্ত বাস থেকেই ওই দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আতিকুল ইসলাম।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাঁদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দুজনই ঘটনাস্থলে মারা গেছেন এবং আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে।
এদিকে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন