নভেম্বর ১৫, ২০২৬, ০৩:২৭ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে এক পেশাদার চোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বিশারু (৬০) পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের বাসিন্দা। তিনি এলাকার তাজিম উদ্দিন তাজুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকার জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করতে ঢোকেন পেশাদার চোর নাজমুল হক বিশারু। ঘরে প্রবেশের পরপরই ওই বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটকে ফেলেন। পরে তাদের চিৎকারের শব্দে প্রতিবেশীরাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে নাজমুল হক গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, চুরি করতে গিয়ে গণপিটুনিতে ওই চোর নিহত হয়েছেন। নিহত নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন