নভেম্বর ১৩, ২০২৬, ০৭:১৮ পিএম
পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারের পেছনে একটি ট্রাকের ধাক্কায় শিশুসহ আটজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী বোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক থ্রি-হুইলারটিকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে ধাক্কা খেয়ে থ্রি-হুইলারটি পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সড়ক দুর্ঘটনায় মাথা, নাক ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় অন্তত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এছাড়া দুজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
আহত যাত্রীরা হলেন—বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), সাকোয়া ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মাহমুদা আক্তার (৩৫), তার মেয়ে আল আকসা (৭), মারেয়া বামনহাট এলাকার প্রমিলা (৩০) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হোসনে আরা আক্তার হ্যাপী জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ক্ষতিগ্রস্ত থ্রি-হুইলারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন