নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৩৩ পিএম
প্রকাশ্যে এসেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের কার্ড। আমন্ত্রণপত্রের নকশায় বর-কনের প্রতীকী ছবির সঙ্গে জায়গা পেয়েছে তাঁর তিন পোষ্যও। তবে এই কার্ডটি মূল বিয়ের অনুষ্ঠানের, নাকি রিসেপশনের আমন্ত্রণপত্র, তা এখনও পরিষ্কার নয়।
অভিনেত্রীর সোশাল মিডিয়ার পাতায় চোখ রাখলে পোষ্যদের সঙ্গে তাঁর নানা মুহূর্তের ছবি দেখা যায়। পোষ্যদের নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রাখেন তিনি। সেই ভালোবাসারই প্রতিফলন দেখা গেল এবারের বিয়ের কার্ডে।
আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই নায়িকা। চলতি মাসে ঘরোয়া পরিসরে বাগদান বা বিয়ের আইনি পর্ব মিটতে পারে। এরপর ডিসেম্বরের শুরুতে উত্তরবঙ্গের কালিম্পংয়ে বসবে মূল বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে পাহাড়ের কোলে বিয়ের অনুষ্ঠান সারতে চান অভিনেত্রী। পরে কলকাতায় ফিরে সিনেমা ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের জন্য বড় করে রিসেপশনের আয়োজন হতে পারে।
পাত্রের পরিচয় নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মিমি। বিভিন্ন সূত্রে জানা যায়, সিদ্ধার্থ দত্ত নামে এক ব্যক্তির সঙ্গে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এই পাত্র বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। সম্পর্ক নিয়ে এর আগে নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলোকে কখনো বিশেষ গুরুত্ব দেননি।
কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে পাত্র খুঁজতে হবে এবং তার জন্য দেখাসাক্ষাৎ করার সময়ও তাঁর হাতে নেই। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্র করার পর রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন এই তারকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন