রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,
রাষ্ট্রদ্রোহ মামলা

এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৮ পিএম

এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার রাতে চট্টগ্রামের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী নগরের পাঁচলাইশ থানায় এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।