নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০৫ পিএম
বাংলাদেশকে শুধু পোশাকশিল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি বহুমুখী আন্তর্জাতিক সোর্সিং গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্ববাজারে পোশাকশিল্পের মাধ্যমে শক্তিশালী সুনাম অর্জন করেছে। তবে ভবিষ্যতে দেশের রফতানি খাতকে আরও সম্প্রসারণ করতে হলে পণ্যের বৈচিত্র্যকরণ, উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি রফতানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নতুন নতুন সম্ভাবনাময় খাতকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, এবারের গ্লোবাল সোর্সিং এক্সপোতে ১২টি সম্ভাবনাময় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, স্টল এবং আন্তর্জাতিক ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের আয়োজন দেশের রফতানি সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিজনেস-টু-বিজনেস বা বিটুবি ম্যাচমেকিং সভা ও কারখানা পরিদর্শনের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে। এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের প্রশাসক ফজলুল হক, বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. খালেদ হোসাইন মাহবুব এবং রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এ সময় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন