নভেম্বর ১৫, ২০২৬, ০৪:৩২ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ যাওয়ার পর দেশে ফেরার পথে বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ইতোমধ্যে তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার সকালে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ বোধ করেন। পরবর্তীতে দ্রুত তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির আরও জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী মিসেস বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
তবে ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি ও বর্তমান চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন