শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
কার্যালয়ে হামলা

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে ভাঙচুর এবং আগুন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:৪৮ পিএম

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে ভাঙচুর এবং আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয় ভাঙচুর করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। গত শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এই সহিংস ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি থেকে একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত স্থানীয় বিএনপি অফিসে চড়াও হয় হামলাকারীরা। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পর কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

একই রাতে পার্শ্ববর্তী বর্ণি বাজারে যুবদলের এক নেতার ব্যক্তিগত কার্যালয়েও হামলা ও ভাঙচুর চালানো হয়। আকস্মিক এই তাণ্ডবে পুরো বাজার ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ভয়ে ঘরের দরজা বন্ধ করে রাখেন।

ঘটনার বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান গণমাধ্যমকে জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরটি তিনি নিশ্চিত জেনেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।