নভেম্বর ১৪, ২০২৬, ১০:০৯ পিএম
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত সঞ্চিতা হক। চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক সেমিনারে স্থায়ী প্রতিনিধির অংশগ্রহণের কারণে তিনি এই দায়িত্ব পালন করছেন। আগামী ২২ নভেম্বর পর্যন্ত তিনি নিউইয়র্কে বাংলাদেশ মিশনের এই গুরুদায়িত্বে থাকবেন।
স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর কাছে পাঠানো এক কূটনৈতিক নোটে এই তথ্য জানানো হয়। কূটনৈতিক পরিভাষায় এই দায়িত্বকে চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম বলা হয়। এর আগে গত ১২ নভেম্বর নিউইয়র্কের এই মিশন থেকে সংশ্লিষ্ট দেশগুলোকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান সাংহাইয়ের সেমিনারে অংশ নিতে মিশনের বাইরে থাকায় তার স্থলাভিষিক্ত হয়েছেন সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এই সময়সীমার মধ্যে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
পেশাদার এই কূটনীতিক ২০০৩ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। গত ৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মোল্লাবাড়ির প্রয়াত আনোয়ারুল হকের মেয়ে সঞ্চিতা হক। তাঁর দাদা শামসুল হুদা ব্রিটিশ ও পাকিস্তান আমলে দীর্ঘ ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো কূটনৈতিক নোটে এই দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন