নভেম্বর ১৪, ২০২৬, ১০:০২ পিএম
টাঙ্গাইলের সখিপুরে মাদক সেবনের ভিডিও ধারণের জেরে চার সাংবাদিককে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে তাদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার সাংবাদিকরা হলেন এনটিভি ডিজিটালের সখিপুর প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোর্শেদ খান, সাপ্তাহিক সখিপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সহকারী সানিম মিয়া।
সাংবাদিক ও তাদের পরিবার জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় একটি সালিশের সংবাদ সংগ্রহ করতে দেওবাড়ী বাজার এলাকায় যান তারা। ওই সময় স্থানীয় এক ব্যক্তি পাশের একটি বাড়িতে মাদক সেবনের খবর দিলে সাংবাদিকরা সেখানে গিয়ে ভিডিও ধারণ করেন। খবর পেয়ে স্থানীয় যুবদল নেতা জাহিদসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের বাজারে নিয়ে যান এবং হেনস্তা করার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার পর শনিবার সকালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। তবে মামলায় মাদক সেবনকারীদের কোনো আসামি করা হয়নি। উল্টো ভিডিও ধারণ করতে যাওয়া সাংবাদিকদেরই মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। মামলার বাদী ফজলুর রহমান সাংবাদিকদের কাছে চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
আদালতে নেওয়ার সময় এনটিভি প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদকসেবীরা আমাদের ম্যানেজ করতে চেয়েছিল, রাজি না হওয়ায় মব সৃষ্টি করে ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ আসল মাদকসেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সখিপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, মামলাটিতে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে, তিনি কেন মামলার বাদী হননি সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন