শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৭:৪৯ পিএম

দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে

ময়মনসিংহের নান্দাইলে ওয়াজ মাহফিলে বক্তব্য দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী।

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার ময়মনসিংহের নান্দাইলে খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তালিকা প্রণয়নের মাধ্যমে সারা দেশের মসজিদগুলোর ধর্মীয় এই ব্যক্তিদের ভাতা পৌঁছে দেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত সতেরো বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করা হয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের সময় একটি দলের বিভ্রান্তিকর প্রচারের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এমন প্রচার থেকে সবাইকে দূরে থাকতে হবে। শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রশ্রয় না দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এর আগে নান্দাইলে মোয়াজ্জেমপুর ইউনিয়নের একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় পরিচালিত আখেরি মোনাজাতে অংশ নেন তিনি।