নভেম্বর ১৪, ২০২৬, ০৭:০৯ পিএম
ব্রাজিল জাতীয় ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মার্কিনিয়োস চোটে ছিটকে যাওয়ায় সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে সেলেসাওদের নেতৃত্ব দেবেন তিনি। আগামী শনিবার বিকেল চারটা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। পিএসজির হয়ে খেলার সময় পেশির চোটে পড়ায় এই সফর থেকে ছিটকে গেছেন মার্কিনিয়োস। ফলে কোচ কার্লো আনচেলত্তি নতুন অধিনায়ক হিসেবে রাফিনিয়ার ওপর আস্থা রেখেছেন।
জাতীয় দলের প্রতি এই উইঙ্গারের নিবেদনও অধিনায়ক নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। জানা গেছে, বাঁ কানে থাকা সিস্ট অপসারণের অস্ত্রোপচারও নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন তিনি। জাপানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে একাদশ সাজানোর কাজ এগিয়ে নিচ্ছেন আনচেলত্তি। গতকাল বুধবার সিঙ্গাপুরে অনুশীলন সেশনে রক্ষণভাগ ও আক্রমণভাগের সম্ভাব্য সমন্বয় নিয়ে কাজ করেছেন তিনি।
সম্ভাব্য একাদশে গোলবার সামলাতে পারেন বেন্তো। রক্ষণভাগে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল ও দগলাস সান্তোসকে দেখা যেতে পারে। আক্রমণভাগের কেন্দ্রে রাফিনিয়া এবং দুই উইংয়ে ভিনিসিয়ুস জুনিয়র ও এস্তেভাও নামতে পারেন। তবে মাঝমাঠের খেলোয়াড় নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কোচ।
মাঝমাঠে মারলন গোমেস, গ্যাব্রিয়েল বন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে অনুশীলনে পরীক্ষা করেছেন আনচেলত্তি। ব্রুনো গিমারায়েসের জায়গা অনেকটাই নিশ্চিত হলেও টানা তিন দিন অনুশীলনে বিশ্রামে থাকায় তাকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বছরের শেষ আন্তর্জাতিক সফর জয়ে রাঙাতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত জুনে বিশ্বকাপের মঞ্চে দুই দলের সবশেষ দেখায় ২-১ গোলে জয়ের সুখস্মৃতি রয়েছে সেলেসাওদের।
এদিকে ব্রাজিলিয়ান তারকাদের অংশগ্রহণ নিয়ে ইউরোপের ক্লাবগুলোর উদ্বেগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আনচেলত্তি। ক্লাবগুলোকে আশ্বস্ত করে তিনি বলেন যে খেলোয়াড়দের স্বাস্থ্যই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক এর আগে রাফিনিয়ার চোট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন। সিঙ্গাপুরে সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, শতভাগ ফিট থাকলেই কেবল খেলোয়াড়রা মাঠে নামবে।
সাম্প্রতিক সময়ে নতুন পরিকল্পনা হাতে নিয়ে তরুণদের ওপর আস্থা রাখছেন অভিজ্ঞ এই কোচ। এবার জাপান ও সিঙ্গাপুরের প্রীতি ম্যাচের জন্য পাঁচজন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছেন তিনি। আনচেলত্তি জানালেন, এই ফিফা আন্তর্জাতিক বিরতির সঙ্গেই তাদের পরীক্ষামূলক পর্যায় শেষ হচ্ছে। পরবর্তী ধাপে দল সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন