শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে এনসিপি নেত্রীকে হত্যার হুমকি

জাতীয় ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:৫৭ পিএম

লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে এনসিপি নেত্রীকে হত্যার হুমকি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু। গত সাত দিন ধরে তাকে সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানোর পাশাপাশি হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন এই নেত্রী। এর মধ্যে ভারতীয় নম্বর থেকে লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে পাঠানো একটি বার্তাও রয়েছে বলে জানান তিনি। তবে এই হুমকির সঙ্গে ভারতের ওই গ্যাংয়ের সরাসরি কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ফেসবুক পোস্টে মাহমুদা মিতু বলেন, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও এমন হুমকি পেয়েছেন বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য। এসব বিষয় নিয়ে কথা বললেও অতীতে ঘটে যাওয়া ঘটনার মতো বিষয়টিকে লঘু করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শহীদ ওসমান হাদির বক্তব্য স্মরণ করে তিনি লেখেন, যতক্ষণ পর্যন্ত ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগে না।

এর আগে সংসদের পরিবেশ ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে নিজের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেছিলেন এই নেত্রী। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, শত শত শহীদের রক্ত ও জুলাইয়ের অভ্যুত্থানের আত্মত্যাগের ওপর আজকের সংসদ প্রতিষ্ঠিত। যুক্তিতে না পেরে সংসদে তুই-তুকারি ও বেয়াদব বলে অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করার পেছনের সাহসের কথা তুলে ধরেন মাহমুদা মিতু।

লরেন্স বিষ্ণোই ভারতের একটি পরিচিত অপরাধী চক্রের প্রধান, যার নাম এর আগে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুস ওয়ালা হত্যাকাণ্ডে আলোচনায় আসে। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে বলিউড তারকাদের হুমকি দেওয়ার ঘটনায়ও এই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।

বর্তমানে এই ঘটনার পর ওই সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তা এবং সাইবার সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হচ্ছে, সেটির জন্য অপেক্ষা করছেন সমর্থকরা।