শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৫:২৫ পিএম

জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান

হরমুজ প্রণালিতে জব্দ করা চালকবিহীন মার্কিন জলযান।

জব্দ করা মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজ করছে ইরান। দেশটির সামরিক বিশেষজ্ঞরা এসব সরঞ্জামের কাঠামো ও প্রযুক্তি পর্যালোচনা করে নতুন অস্ত্রব্যবস্থা উন্নয়নে সচেষ্ট রয়েছেন। শনিবার আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়ার সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন সামরিক সরঞ্জাম নিয়ে গবেষণার মূল উদ্দেশ্য কেবল সেগুলোর অনুরূপ অস্ত্র তৈরি করা নয়। বরং এসব সরঞ্জামের অভ্যন্তরীণ কাঠামো ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য অনুধাবন করে তা নিজেদের কাজে লাগানোই তাদের লক্ষ্য। ইরানি বিশেষজ্ঞরা জব্দ করা এসব সরঞ্জামের প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ধারণা ও অস্ত্রের নকশা তৈরির চেষ্টা করছেন।

এসব উদ্ভাবন যেন দেশটির নিজস্ব সামরিক চাহিদা এবং প্রতিরক্ষা কৌশলের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে এই সামরিক প্রযুক্তির বিশ্লেষণে জোর দিচ্ছে তেহরান।

জব্দ করা মার্কিন সরঞ্জামগুলো ইরানের জন্য কেবল গবেষণার উপকরণ নয়, বরং নিজস্ব অস্ত্রব্যবস্থার উন্নয়নে অন্যতম একটি কৌশলগত উৎস হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা