শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্ত বন্ধ করল আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০২:৪৯ পিএম

আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্ত বন্ধ করল আইসিসি

আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্ত বন্ধ করল আইসিসি

আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকেরা। একই সঙ্গে ২০২১ সাল থেকে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত আদালতের নথিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের ক্ষেত্রে কৌঁসুলির দপ্তর উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসির মধ্যে বিরোধের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত আসে। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্ত এবং ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জেরে ওয়াশিংটন আইসিসির বর্তমান ও সাবেক ১৩ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই সিদ্ধান্তের ফলে শুধু মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্তই নয়, খোরাসান প্রদেশে ইসলামিক স্টেটের সহযোগী সংগঠনের বিরুদ্ধে তদন্তও বন্ধ হচ্ছে। তবে আইসিসির কৌঁসুলির দপ্তর এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আপিল করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কখনোই আন্তর্জাতিক অপরাধ আদালতকে মার্কিন নাগরিকদের বিচার করতে দেবেন না। মার্কিন নাগরিকেরা আর হুমকির মুখে না থাকা পর্যন্ত যুক্তরাষ্ট্র ধাপে ধাপে আইসিসিকে ভেঙে দেওয়ার অভিযান চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং এই আদালতের বিচারিক এখতিয়ারও স্বীকার করে না।

আফগানিস্তানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০২০ সালে। ২০০২ সাল থেকে আফগানিস্তানের সরকারি বাহিনী, তালেবান, মার্কিন সেনা এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ এই তদন্তের আওতায় ছিল। ২০২১ সালে তদন্তের দায়িত্বে থাকা তৎকালীন কৌঁসুলি প্রমাণ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকার না দেওয়ার ঘোষণা দেন।

গত বছর তালেবান নেতাদের বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। চলতি বছরের শুরুতে যৌন অসদাচরণের অভিযোগে আফগানিস্তানবিষয়ক তদন্তের দায়িত্বে থাকা কৌঁসুলি করিম খানকে আইসিসি থেকে সরিয়ে দেওয়া হয়। আগামী দিনে তালেবানের কর্মকাণ্ডের ওপর তদন্তের বর্তমান সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে পরিচালিত হবে।

তথ্যসূত্র: আল জাজিরা