নভেম্বর ১৪, ২০২৬, ১২:২৫ পিএম
বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাকে নিয়ে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করতে যাচ্ছে চীন। আগামী বৃহস্পতিবার চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসবেন। এপেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস জানান, বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানোর বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।
মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতার প্রত্যাশা করা হচ্ছে না। এটি হবে তিন দেশের শীর্ষ নেতাদের পর্যায়ে প্রথম আলোচনা এবং ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার সূচনা। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করার কথা রয়েছে।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই আলোচনার এজেন্ডায় রাখার পরিকল্পনা নেই। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ইউক্রেন ইস্যুতে আলাদা কূটনৈতিক আলোচনা চলছে এবং এই প্রক্রিয়ায় চীন সরাসরি যুক্ত নয়।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে তিন দেশের এই আলোচনা এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এর ফলে দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী দুই দেশের অস্ত্রভান্ডারের ওপর কার্যকর কোনো দ্বিপক্ষীয় চুক্তিভিত্তিক সীমা নেই।
ট্রাম্প চুক্তিটি আরও এক বছর বাড়ানোর বিষয়ে রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেননি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে রাশিয়ার কাছে এবং এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
আগামী সোমবার ওয়াশিংটন ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তিনি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন এবং সেখানে কোয়াড নেতাদের বৈঠক ও যুক্তরাষ্ট্র-আসিয়ান বিশেষ সম্মেলনে অংশ নেবেন। এরপর বুধবার চীনের শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে তার। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
এরপর শি ও পুতিনের সঙ্গে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতিও ট্রাম্প-শি বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হবে।
এদিকে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রাম্পের চীন সফরসঙ্গী হলেও শি জিনপিং ও পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন না। তিন নেতার সম্ভাব্য এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ সামনে এসেছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই দুই বৈঠকের তুলনা নাকচ করে দিয়েছেন।
অন্যদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন যে, ইউক্রেনকে বাদ দিয়ে দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতার চেষ্টা হতে পারে। আগামী বৃহস্পতিবার শেনজেনে এই তিন নেতার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: এপি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন