শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,
বিমান চলাচল

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ০৯:২৯ এএম

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: সংগৃহীত

টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়ার প্রায় চার ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়েছে। দেশটির আকাশপথ আবার খুলে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরো সময় লাগবে বলে সতর্ক করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।

তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে যত বেশি সম্ভব ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে। বাকি ফ্লাইটগুলো শনিবার সকালে চালুর উদ্যোগ নেওয়া হবে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে শন ডাফি বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশপথ আবার খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সময় শনিবার রাত ১টা ১৫ মিনিটে এ সিদ্ধান্ত কার্যকর হয়। বিমান চলাচল বন্ধের কারণ হওয়া টেলিযোগাযোগের সমস্যাটি শনাক্ত করার পর আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিভ্রাটের কথা জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা ফ্লাইটগুলোর উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, টেলিযোগাযোগব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর বিষয়ে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়।

আকাশপথ খুলে দেওয়ার পরও সব ফ্লাইট একসঙ্গে চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শন ডাফি। তিনি বলেন, ফ্লাইট পরিচালনা নির্ভর করবে পাইলট ও কেবিন ক্রুদের প্রাপ্যতার ওপর। শুক্রবার রাতে যত বেশি সম্ভব আটকে পড়া ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হবে।

শন ডাফি বলেন, আজ রাতে যতগুলো ফ্লাইট পরিচালনার সক্ষমতা আমাদের থাকবে, সেগুলো চালানোর চেষ্টা করব। শনিবার সকালে বাকি ফ্লাইটগুলো চালু করতে বিমান সংস্থাগুলোর সঙ্গে কাজ করা হবে বলেও জানান তিনি। তার আশা, শনিবার আরো বেশি ফ্লাইট চলাচল শুরু করবে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে সতর্ক করেন তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের জন্য দেশটির পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে দায়ী করেছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এ ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে আরো অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি। ডাফির মতে, বিমান চলাচল নিয়ন্ত্রণের পুরোনো অবকাঠামো আধুনিকায়ন করা জরুরি। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।