নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৭ এএম
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন বা এফএএ তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দেশের সব ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে প্রসারিত করার ঘোষণা দিয়েছে। গত ২১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি এলাকায় এটি চালুর পর এবার তা দেশজুড়ে সম্প্রসারণ করা হচ্ছে।
কৌশলগত এই সিস্টেমটি আবহাওয়ার গতিপ্রকৃতি, ফ্লাইটের পথ, ট্রাফিক ভলিউম এবং কন্ট্রোলার স্টাফিংয়ের তথ্যসহ প্রায় ২০০টি ডেটা স্ট্রিম একত্রিত করে যানজট অনুমান করতে কাজ করে। ওয়াশিংটনের এফএএ বিশেষজ্ঞরা সিস্টেমের ডেটা বিশ্লেষণ করে বিভিন্ন শিডিউলিং সুপারিশ এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কমান্ড সেন্টারে পাঠান।
প্রাথমিক এই প্রযুক্তি চালুর পর থেকে সিস্টেমটি প্রায় ১৮০টি ফ্লাইট রুট পরিবর্তন করতে সাহায্য করেছে বলে জানানো হয়েছে। এর মাধ্যমে প্রতিটি ফ্লাইটে গড়ে ১০ মিনিট সময় এবং প্রায় ৮০ গ্যালন জ্বালানি সাশ্রয় হয়েছে।
ক্লাউড-ভিত্তিক এই স্মার্ট সিস্টেমটি ডেটা বিশ্লেষণ করে ফ্লাইট রুট অপ্টিমাইজ করার কাজ করে থাকে। তবে এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ভূমিকা প্রতিস্থাপন করতে পারে না এবং স্থানীয় কন্ট্রোলাররাই এই সুপারিশ গ্রহণ করবেন কি না তা নির্ধারণ করেন।
এই সম্প্রসারণের আগে গত অক্টোবর মাসে দুই ডজনেরও বেশি আইনপ্রণেতা নিরাপত্তা মূল্যায়ন এবং কর্মী প্রশিক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ছাড়া ১৫ হাজারেরও বেশি সদস্যের প্রতিনিধিত্বকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে ডিজাইনিং বা পরীক্ষায় তাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি।
আট শ পঁচাত্তর মিলিয়ন ডলারের ১২ বছরের চুক্তির অধীনে এয়ার স্পেস ইন্টেলিজেন্সের মাধ্যমে এই প্রযুক্তিটি তৈরি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন