নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৪১ এএম
ইসরায়েলের সম্ভাব্য সরকারপ্রধান গ্যাডি আইজেনকট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের আরব সংখ্যালঘুদের নিয়ে বর্ণবাদী প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন। দেশটির আরব আইনপ্রণেতাদের হামাসের সঙ্গে যুক্ত করে নেতানিয়াহুর এমন তৎপরতার তীব্র সমালোচনা করেন তিনি। ইসরায়েলের মোট জনসংখ্যার বিশ ভাগের বেশি অংশজুড়ে থাকা আরব নাগরিকদের পক্ষে কোনো শীর্ষস্থানীয় ইহুদি রাজনৈতিক নেতার এমন জোরালো অবস্থান বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
গত মাসের নির্বাচনে রাম এবং জয়েন্ট লিস্ট নামের দুটি আরব-সংখ্যাগরিষ্ঠ দল পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ১৯টিতে জয়লাভ করে। নতুন সরকার গঠনের প্রচেষ্টায় এই দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়। আরব নাগরিকরা ইসরায়েলি সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে আইজেনকট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, রাজনৈতিক স্বার্থে বিদায়ী প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছেন।
গত ৭ অক্টোবরের হামলার পর হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে নেতানিয়াহু ও তার মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে আসছেন। যদিও আরব দলগুলোর সব নেতাই ওই হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলায় অনেক আরব নাগরিকও প্রাণ হারিয়েছিলেন। নির্বাচনী অনিয়মের অভিযোগ তুললেও নির্বাচন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে এবং আরব দলগুলো ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না বলে দাবি করেছেন নেতানিয়াহু।
পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনকে লক্ষ্য করে বক্তব্য দেওয়ার সময় হট্টগোল সৃষ্টি করেন। আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থ থাকতে পারে তবে পুরো সম্প্রদায়কে হেয় করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আইজেনকট। সাম্প্রতিক আলোচনার পর গত রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
আইজেনকটের ডানপন্থী মিত্র আভিগডোর লাইবারম্যান জানিয়েছেন, সরকারে আরব ইসরায়েলিরা যুক্ত হলে তিনি জোট থেকে সরে দাঁড়াবেন। নির্ধারিত আঠাশ দিনের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে তিনি চৌদ্দ দিনের সময় বাড়ানোর অনুরোধ করতে পারেন। এতেও ব্যর্থ হলে ম্যান্ডেট অন্য কোনো আইনপ্রণেতার কাছে চলে যাবে, যার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর নাম সবচেয়ে এগিয়ে রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন