নভেম্বর ১৪, ২০২৬, ০৪:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের নির্দেশনায় শুক্রবার দেশটির সব বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণে এবং একটি যোগাযোগ সমস্যার জেরে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়।
পরিবহন সচিব শন ডাফি এক বিবৃতিতে জানান, সমস্ত এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে যোগাযোগ সমস্যা দেখা দিয়েছে। তবে আকাশে থাকা বিমানগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করা হবে।
স্বরাষ্ট্র সচিব মার্কওয়েন মুলিন বলেন, এই ঘটনার পেছনে এখন পর্যন্ত কোনো নাশকতাসূচক কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। টেলিযোগাযোগ খাতে বড় ধরনের গোলযোগের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই নিষেধাজ্ঞার খবরের পরপরই আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট, জেট ব্লু, ডেল্টা এয়ার লাইন্স এবং ইউনাইটেড এয়ারলাইন্সের শেয়ারের দরপতন ঘটে। ওয়াশিংটনের রিগান ন্যাশনাল বিমানবন্দর ও শিকাগোর ও`হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর ইতিমধ্যে ধারণক্ষমতার কাছাকাছি পৌঁছে গেছে।
যুক্তরাষ্ট্রের এ ধরনের দেশব্যাপী বিমান উড্ডয়ন বাতিলের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে একটি সিস্টেম বিভ্রাটের কারণে এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদরা কাজ করছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন