নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৪৯ এএম
দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়লেও আক্রান্তদের প্রায় অর্ধেক মানুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পরিসংখ্যান অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্ত দেশের সংখ্যার তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম।
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে এই নীরব ঘাতক রোগটি এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনি ফেইলিওরের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
চিকিৎসায় অতিরিক্ত ব্যয়ের কারণে অনেক পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে এবং অনেকে অর্থাভাবে নিয়মিত ওষুধ খেতে পারছেন না। অপরিকল্পিত নগরায়ণ ও প্রযুক্তিনির্ভর জীবনযাপন তরুণ সমাজেও এই রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই কেবল ডায়াবেটিসের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অঙ্গচ্ছেদের মতো মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। তাই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা শুরু করার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন