বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনাজপুরে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৫, ০৮:০২ পিএম

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিনাজপুরে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন

ছবি-দিনাজপুর টিভি

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উদযাপন করেছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুর। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন”।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতালে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিশেষজ্ঞদের বক্তব্য ও সতর্কবার্তা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন,

"সারা বিশ্বেই ডায়াবেটিস এখন মহামারী আকার ধারণ করেছে। ডায়াবেটিস আছে এমন অর্ধেক রোগীই জানেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। কেবলমাত্র নিয়ন্ত্রিত জীবন যাপনই ডায়াবেটিস রোগীকে সুস্থ রাখতে পারে।"মুখ্য আলোচকের বক্তব্যে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এলাইড সাইন্সেস দিনাজপুর এর পরিচালক অধ্যাপক ডা. বি কে বোস কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কর্মস্থলে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্রিয়তা বৃদ্ধির উদ্যোগ নিলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।তিনি ডায়াবেটিস রোগীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা দিয়ে বলেন, "ডায়াবেটিক রোগীগণ যথাসময়ে সঠিক চিকিৎসা সেবা গ্রহণ না করলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব, মাড়ির রোগ এবং অঙ্গ বিচ্ছেদের মতো মারাত্মক শারীরিক জটিলতা হতে পারে। এসব কারণে ডায়াবেটিক রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ছে।"

নিয়ন্ত্রিত জীবনযাপনের আহ্বান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. সাইদুর রহমান চৌধুরী ও চীফ মেডিকেল অফিসার ডা. মো. লিয়াকত আলী বলেন, অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার, শারীরিক পরিশ্রম না করা এবং নিয়মিত শরীরচর্চা না করার ফলে স্বাভাবিকের চাইতে মাত্রাতিরিক্ত ওজন বাড়ার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। সেজন্য নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও সুশৃঙ্খল জীবনযাপন করা প্রয়োজন।

স্বাগত বক্তব্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মো. সফিকুল হক ছুটু ডায়াবেটিস রোগের ভয়াবহতা ও নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন দিনাজপুর এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ অ্যাডভোকেট বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। একজন রোগীকে সুস্থ, স্বাভাবিক ও দীর্ঘ জীবন যাপন করার জন্য প্রতিমাসেই নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, দিনাজপুর এর সহ-সভাপতি মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, কার্যনির্বাহী পরিষদ সদস্য মকসেদ আলী মঙ্গলীয়া, মেহবুব হাসান চৌধুরী অ্যাডভোকেট, আবু বক্কর ছিদ্দিক, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মো. জমিরুল ইসলাম জুয়েল, মো. শামিম কবির সহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আগত রোগীগণ উপস্থিত ছিলেন।