শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত অন্তত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০২:৫৭ এএম

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত অন্তত ২৮

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপ ও ক্ষয়ক্ষতির দৃশ্য।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। নাসের হাসপাতালের মহাপরিচালক ডা. আহমেদ আল-ফাররা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হাসপাতালের আল-ইয়াসিন সার্জারি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। হামলায় নিহতদের মধ্যে রেজেক আবু শায়রা নামের ৫২ বছর বয়সী এক চিকিৎসকও রয়েছেন। হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ড ও ইনটেনসিভ কেয়ার ইউনিট সংবলিত ভবনটিতে এই হামলা চালানো হয়।

হামলার পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচতলা ভবনটির ভেতরে তীব্র ধোঁয়া এবং দ্বিতীয় তলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন। বিস্ফোরণে সেখানে চিকিৎসাসামগ্রী ও বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। নাসের মেডিকেল কমপ্লেক্সটি দক্ষিণা গাজার বৃহত্তম হাসপাতাল এবং এটি প্রায় দশ লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করে থাকে। হামলায় চিকিৎসা কর্মী, রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা হতাহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলাকে আন্তর্জাতিক আইন ও কনভেনশনের চরম লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা হামাসের একজন সশস্ত্র কমান্ডার এবং অন্যান্য যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি ও যোদ্ধারা হাসপাতালটিকে তাদের কার্যক্রমের হেডকোয়ার্টার বা সদরদপ্তর হিসেবে ব্যবহার করছিলেন এবং সেখান থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাস হাসপাতালের চত্বরে একটি কমান্ড সেন্টার স্থাপন করেছে এবং সেখানে অস্ত্র মজুদ করে রেখেছে। বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করেছে তারা।

অন্যদিকে, হামাস ইসরায়েলের এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিক চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্য করে চালানো এই জঘন্য অপরাধ ঢাকতেই হাসপাতাল সামরিক কাজে ব্যবহারের মিথ্যা অজুহাত দিচ্ছে ইসরায়েল। গাজার বাসিন্দাদের বরাতে জানা যায়, উপত্যকাটির হামাস পরিচালিত প্রশাসনের সঙ্গে যুক্ত কিছু কর্মকর্তা অনেক সময় হাসপাতালের ভেতরে দাপ্তরিক কাজ পরিচালনা করে থাকেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতালগুলোর বিশেষ সুরক্ষা পাওয়ার কথা থাকলেও গাজায় চলমান সংঘাতে বারবার চিকিৎসাকেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ইসরায়েল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশ করতে না দেওয়ায় স্বাধীনভাবে সংঘাতের এসব তথ্য তাৎক্ষণিকভাবে শতভাগ যাচাই করা কঠিন হয়ে পড়ে। তবে স্থানীয় চিকিৎসকরা বলছেন, এই ধরনের হামলা সরাসরি স্বাস্থ্য খাতের ওপর বড় আঘাত। হাসপাতালের পরিচালক ডা. আল-ফাররা জানিয়েছেন, হামলায় চিকিৎসাব্যবস্থা ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়া আরও বেশি দুরূহ হয়ে পড়েছে।

তথ্যসূত্র: দ্য নিউইয়র্ক টাইমস ও বিবিসি