মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে রাফাহ সীমান্ত পার হলেন লুইস হ্যামিল্টন

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১০:১৭ পিএম

গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে রাফাহ সীমান্ত পার হলেন লুইস হ্যামিল্টন

মিশরের রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে মিশরীয় রেড ক্রিসেন্টের সদস্যদের সঙ্গে লুইস হ্যামিল্টন।

যুক্তরাজ্যের বিখ্যাত ফর্মুলা ওয়ান চালক ও সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্যার লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা কার্যক্রম এবং পরিস্থিতি সম্পর্কে জানতে মিশর সংলগ্ন রাফাহ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মিশর কীভাবে মানবিক সহায়তা প্রদান করছে, তা সরেজমিন দেখার উদ্দেশ্যে তিনি উত্তর সিনাইয়ের আরিশ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সফরে তিনি স্থানীয় মিশরীয় কর্মকর্তা এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন, যারা গাজায় পাঠানোর জন্য ত্রাণ প্রস্তুত ও জাহাজে তোলার কাজ করে থাকেন।

পরিদর্শনের অংশ হিসেবে হ্যামিল্টন উত্তর সিনাইয়ের গভর্নর মেজর জেনারেল খালেদ মেগাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। রাফাহ সীমান্ত পারাপারের মিশরীয় অংশে দাঁড়িয়ে তাদের মধ্যে কথা বলতে দেখা যায়। এ সময় তিনি কালো রঙের জাম্পার, ট্রাউজার্স ও সানগ্লাস পরেছিলেন। গভর্নর মেগাওয়ার জানান যে, গাজায় মিশরের ত্রাণ পাঠানোর প্রচেষ্টা সম্পর্কে লুইস হ্যামিল্টনকে অবহিত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি রেড ক্রিসেন্টের লজিস্টিক সেন্টার ও গুদামগুলোও ঘুরে দেখেন।

এর আগে গত অক্টোবর মাসে লুইস হ্যামিল্টন একটি ‍‍`মুক্ত ফিলিস্তিন‍‍`-এর ডাক দিয়েছিলেন এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তিনি গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত শিশুদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সরব থেকেছেন এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনিদের জন্য একটি হাসপাতালে সহায়তা কার্যক্রম পরিদর্শনে এর আগে তিনি জর্ডানও সফর করেছিলেন। রাফাহ সীমান্তে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশে আরবি অভিবাদন ‍‍`আসসালামু আলাইকুম‍‍` জানিয়ে হাত মেলান এবং সংক্ষিপ্ত কথা বলেন।

চলমান বৈশ্বিক সংঘাত ও মানবিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই নিজের অবস্থান স্পষ্ট করে আসছেন এই ব্রিটিশ রেসিং ড্রাইভার। সম্প্রতি কঙ্গো, সুদান, সিরিয়া এবং ফিলিস্তিনের সংকট নিয়ে কথা বলে তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি মনে করেন, সংঘাতের শিকার মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং চলমান যুদ্ধ ও মানবিক সংকট সম্পর্কে বিশ্ববাসীর আরও সচেতন হওয়া প্রয়োজন। তিনি রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের মতো মানবিক সংস্থাগুলোর জন্য গাজায় অবাধ প্রবেশাধিকারের দাবি জানিয়েছেন, যাতে সবচেয়ে বেশি প্রয়োজন এমন অঞ্চলগুলোতে সহায়তা পৌঁছানো সম্ভব হয়।

জাতিসংঘের বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, গাজায় চলমান সামরিক তৎপরতার কারণে মানবিক সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন পর্যাপ্ত ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। এমন এক পরিস্থিতিতে লুইস হ্যামিল্টনের এই সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। এর আগে তিনি সাও পাওলো গ্রাঁ প্রিঁতে তার ক্যারিয়ারের ৪০০তম রেস সম্পন্ন করেন। ক্রীড়াঙ্গনের এই শীর্ষ তারকার এমন মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে সংকটপীড়ত মানুষের অধিকার ও সহায়তার পক্ষে জোরালো বার্তা দিচ্ছে।

তথ্যসূত্র: ডেইলি মেইল