মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

হারমিত সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানে থামল সুদূরপশ্চিম রয়্যালস

খেলাধুলা ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১০:০৯ পিএম

হারমিত সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ১২০ রানে থামল সুদূরপশ্চিম রয়্যালস

নেপাল প্রিমিয়ার লিগের একটি ম্যাচ। ফাইল ছবি

নেপাল প্রিমিয়ার লিগে মঙ্গলবার জনকপুর বোল্টসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করেছে সুদূরপশ্চিম রয়্যালস। কীর্তিপুরের টিইউ ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দারুণ বোলিং নৈপুণ্য দেখায় জনকপুর বোল্টসের বোলাররা। ফলে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় সুদূরপশ্চিম দল।

ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জনকপুর বোল্টসের অধিনায়ক হরমিত সিং। নিজের সাবেক দলের বিপক্ষে প্রথমবার খেলতে নেমে তিনি চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে শিকার করেন গুরুত্বপূর্ণ চার উইকেট। এর আগের দুই মৌসুমে সুদূরপশ্চিমের প্রতিনিধিত্ব করা এই অলরাউন্ডার দারুণ পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলতে ভূমিকা রেখেছিলেন। উদ্বোধনী আসরের ফাইনালে সুদূরপশ্চিমকে হারিয়েই শিরোপা জিতেছিল জনকপুর।

সুদূরপশ্চিমের ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। ওপেনার বিনোদ ভান্ডারি রান আউট হন ১০ রান করে। এরপর আরেক ওপেনার সাইফ জাইবকেও ১০ রানে বোল্ড করেন রাহুল যাদব। তিনে নামা ঈশান পান্ডেকে তিন রানে বোল্ড করার পর অধিনায়ক দীপেন্দ্র সিং আইরিকে মাত্র এক রানে নিজের বলে ক্যাচ ধরে ফেরান হরমিত সিং। দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে ব্যাটিং দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ব্র্যান্ডন ম্যাকমালেন। ২৩ বলের এই ইনিংসে তিনি দুটি করে চার ও ছক্কা হাঁকান। এ ছাড়া আরিফ শেখ ১১ এবং স্কট কুগেলেইন ছয় রান করেন। ইনিংসের শেষদিকে হরমিত সিং পরপর দুই বলে অনিল খারেলে তিন এবং হেমন্ত ধামিকে শূন্য রানে আউট করে হ্যাটট্রিিকের সম্ভাবনা জাগান। থারিন্দু রত্নায়েকের অপরাজিত ২৭ ও অবিনাশ বোহরার দুই রানের সুবাদে ১২০ রানের মাঝারি পুঁজি পায় সুদূরপশ্চিম।

আইরিশ ব্যাটার হ্যারি টেক্টর টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই চমৎকার বোলিং করে চার ওভারে মাত্র নয় রান দিয়ে এক উইকেট নেন। এছাড়া আদিত্য মহাতা, অভিষেক তিওয়ারি ও রাহুল যাদব প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

প্লে অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে উভয় দলের জন্যই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে প্রতিটি দলের আর দুটি করে ম্যাচ বাকি রয়েছে। এর আগে সুদূরপশ্চিমের পয়েন্ট ছয় এবং জনকপুরের পয়েন্ট চার। এই লড়াইয়ের ফলাফল পয়েন্ট টেবিলের শীর্ষ চারে বড় প্রভাব ফেলবে।