মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা লঙ্ঘন, আটক দুই

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০১:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা লঙ্ঘন, আটক দুই

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর হোয়াইট হাউস এলাকা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছাকাছি পৃথক দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর জেরে সাময়িকভাবে লকডাউন করা হয় হোয়াইট হাউস ও আশপাশের এলাকা। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টা পর নিরাপত্তা বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত পার্কের উত্তর পাশে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একটি রুপালি রঙের সেডান গাড়ি পার্কের পাশের ফুটপাতে উঠে একটি সাইনবোর্ডে ধাক্কা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

গাড়িটি থেকে চালক নেমে নিরাপত্তাকর্মীদের ওপর হামলার চেষ্টা করেন। সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানান, চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক ও আক্রমণাত্মক আচরণ করেন। তবে দ্রুতই তাকে আটক করা হয়। পরে গাড়িটি পরীক্ষা করতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয় এবং ওয়াশিংটন ডিসির পুলিশ বিভাগের বিশেষজ্ঞ দল সেখানে তল্লাশি চালায়।

এদিকে গাড়িচালককে নিয়ে নিরাপত্তাকর্মীরা ব্যস্ত থাকার সময় লাফায়েত পার্কের উত্তর-পশ্চিম কোণে থাকা একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করেন আরেক ব্যক্তি। তাকেও দ্রুত আটক করে সিক্রেট সার্ভিস। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট হাউসের আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং এ সময় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদেরও সাময়িকভাবে ভবনের ভেতরে অবস্থান করতে বলা হয়।

তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের পরিচয়, ঘটনার পেছনের উদ্দেশ্য কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হতে পারে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা গাড়িটি ইচ্ছাকৃতভাবে ফুটপাতে তোলা হয়েছিল কি না, তা-ও নিশ্চিত নয়। দুটি ঘটনারই তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: রয়টার্স