নভেম্বর ১০, ২০২৬, ১২:৪৬ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির মাঠে থাকার বিষয়টি উল্লেখ করে প্রশংসা করেছেন তিনি। অন্যদিকে, গণভবন দখলের কথিত নকশাকারীদের সমালোচনা করে ছাত্রদলের রাজপথে অবস্থানের কথা তুলে ধরেছেন।
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন রাশেদ খান। তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে যে মাঠে পাওয়া যাবে না, এটার প্রমাণ আশা করি আপনারা পেয়ে গেছেন। তবে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তি ছোট হলেও তারাও মাঠে আছে। এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
জামায়াত-শিবিরের সমালোচনার পাশাপাশি তিনি আরও লেখেন, বরাবরের মতো গণভবন দখলের কথিত নকশাকাররা দেখিয়ে দিলো, কীভাবে জাতির দুঃসময়ে গুপ্ত থাকতে হয়, আর সুসময়ে বিপ্লবীর ভান ধরতে হয়।
ছাত্রদলের ভূমিকা তুলে ধরে রাশেদ খান বলেন, বাংলাদেশপন্থী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অরক্ষিত রাখতে পারে না। এ কারণে সারারাত ছাত্রদল রাজপথ পাহারা দিয়েছে। বাইক নিয়ে শহরের অলিগলিতে ঘুরেছে। স্ট্যাটাসে তিনি জানান, আজও সারাদিন রাজপথে থাকবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে যেখানে অগ্নিসহিংসতা করার চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতৃত্বে জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন