মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ১০:৩৩ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় এই হামলা চালানো হয়। এই ঘটনায় কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রধান দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী এই হামলা চালান। ঘটনার সময় তিনিসহ তিনজন মিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করেন। হামলার সময় ধারণ করা একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টাও করেন।

গ্রামীণ ব্যাংকের পাটগাতী-টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ জানান, সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তারা সবাই বাইরে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। পরে দুপুরে পেট্রলবোমা নিক্ষেপের খবর পেয়ে তারা দ্রুত অফিসে আসেন। তিনি আরও বলেন, এই ঘটনায় ভেতরে কোনো ক্ষতি হয়নি, কেবল একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে এবং কেউ আহত হননি। হামলাকারীরা নিজেরাই এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানিয়েছে, ব্যাংক থেকে লিখিত অভিযোগ পেলে সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।