নভেম্বর ১০, ২০২৬, ০৫:৪১ পিএম
রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে ১৭ বছর বয়সী এক কিশোর আহত হয়েছে। আহত ওই কিশোরের নাম আদর। তিনি উজ্জ্বল চৌধুরীর ছেলে। গত মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় আদর মালিবাগ চৌধুরীপাড়ার গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণে তিনি আহত হন। বিস্ফোরণের পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় ওই কিশোরকে প্রথমে জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিস্ফোরণে আদরের শরীরের প্রায় আট শতাংশ পুড়ে গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন