নভেম্বর ১০, ২০২৬, ০৩:৫৭ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এখন থেকে এআই মডেল নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা সাইবার নিরাপত্তাসংক্রান্ত কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সরকারকে জানাতে হবে। পাশাপাশি মূল্যায়নের জন্য নিজেদের এআই মডেল উন্মুক্ত করতে হবে। ওপেনএআই পরিচালিত এআই মডেলের মাধ্যমে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পর এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান, নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় গঠিত একটি বিশেষ তদন্ত কমিটির সব সুপারিশ গ্রহণ করেছে তার সরকার। এসব সুপারিশের মধ্যে রয়েছে, এআইয়ের আচরণ নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক হলে বা সাইবার হামলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সরকারকে জানাতে হবে। গুরুতর অসদাচরণের ক্ষেত্রে ফৌজদারি আইন সংস্কারের বিষয়টিও বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রথম উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
গত জুনে ওপেনএআই পরিচালিত এআই মডেল ব্যবহার করে অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্যতথ্য ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। এআই মডেলগুলো দেশটির ডিজিটাল নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় সরকারি তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেন এবং সরকারকে জানাতে দেরি করার বিষয়ে অভিযোগ করেন। পরে এ ঘটনার পাশাপাশি সরকারকে জানাতে দেরি করার জন্যও দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
নতুন নিয়ম বাস্তবায়নে অস্ট্রেলিয়ায় একটি এআই নিয়ন্ত্রক সংস্থা গঠন করা হবে। এই সংস্থা এআই ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে ব্যবহারের বিভিন্ন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা তদারক করবে। পাশাপাশি বড় ধরনের ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণ এবং এআই মডেলের স্বাধীন মূল্যায়নের দায়িত্ব পালন করবে। নতুন এআই মানদণ্ডে এআইয়ের এমন আচরণের বিষয়েও দ্রুত সরকারকে জানানোর বাধ্যবাধকতা থাকবে, যা এর নির্মাতাদের নির্ধারিত উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার নতুন আইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের উদ্যোগে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, শিশুদের ইন্টারনেটের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে অস্ট্রেলিয়া একা এটি করতে পারবে না। অনলাইনে অস্ট্রেলীয়দের নিরাপদ রাখতে আরও কঠোর নিয়ম চালুর কথা জানান তিনি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া গত বছর ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন কার্যকর করে। অনলাইনে শিশুদের হয়রানি ও ক্ষতিকর অ্যালগরিদম থেকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। চলতি মাসে প্রকাশিত নতুন খসড়া আইনে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব আরোপের প্রস্তাব করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন