নভেম্বর ১০, ২০২৬, ০২:০৯ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সাবেক নেতার গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ওই দুই সাবেক নেতাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও চিকিৎসকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
আটককৃত দুই জন হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সাবেক সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল পরিচালকের সঙ্গে ছাত্রলীগের এই দুই সাবেক নেতার গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে দুপুর ১২টার দিকে তাদের পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করা হয়। পরে ক্ষুব্ধ শিক্ষার্থী ও চিকিৎসকরা পরিচালকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে মদদ দিচ্ছে। এর প্রতিবাদে তারা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং পুরো ঘটনার সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেন। এই উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে থমথমে অবস্থা ও ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিচালকের কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থান নেন। পরে আটক দুই ছাত্রলীগ নেতাকে পুলিশের গাড়িতে তোলার সময় উপস্থিত উত্তেজিত শিক্ষার্থীরা তাদের মারধর ও ডিম নিক্ষেপ করেন।
ঘটনার বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, ছাত্রলীগের ওই দুই নেতা মূলত তাদের ইন্টার্নশিপ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাসে উপস্থিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই দুজনকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যান।
অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, আটক দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অভিযোগ ছিল। বর্তমানে তাদের আটক করা হয়েছে এবং পুলিশি হেফাজতে রাখা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন