নভেম্বর ১০, ২০২৬, ০৭:৪৯ এএম
অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিমান সংস্থা কান্টাস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিগত ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ৮৫০টি স্থানীয় কর্পোরেট চাকরি ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এই পদগুলোর বেশিরভাগ কাজ ভারতের দলগুলোর কাছে স্থানান্তর করা হবে। এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং নিজেদের আইটি সিস্টেম আধুনিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেলে এই সিদ্ধান্তকে কঠিন সংবাদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই পরিবর্তনের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার জন্য কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আগামী ২০২৭ সালের মাঝামাঝি সময় থেকে এই ছাঁটাই ও কাজ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
ফাইন্যান্স, প্রকিউরমেন্ট, পিপলস এবং মার্কেটিং বিভাগের মতো কর্পোরেট ক্ষেত্রগুলোকে এই পরিবর্তনের আওতায় আনা হচ্ছে। এর বড় একটি অংশ ভারতে এবং কিছু অংশ অস্ট্রেলিয়ায় স্থানান্তরিত হবে। বিমান সংস্থাটির দাবি, তাদের ব্যাক-এন্ড সিস্টেম আধুনিক করার মাধ্যমে আরও দক্ষ হয়ে উঠতে এই বহুমুখী চুক্তি করা হয়েছে। বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেন্টারের সঙ্গে এই বহু-বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রধান নির্বাহী ভ্যানেসা হাডসন জানান, প্রযুক্তির দুনিয়ায় পরিবর্তন যে গতিতে ঘটছে, তা অতীতে দেখা যায়নি। দশকের পর দশক ধরে গড়ে ওঠা প্রায় এক হাজারের বেশি পুরনো লিগেসি অ্যাপ্লিকেশন একে অপরের সঙ্গে কাজ করার উপযোগী ছিল না। এই চুক্তি বাস্তবায়িত হলে কর্পোরেট কার্যক্রম সরলীকরণ করা সম্ভব হবে এবং পরবর্তীতে এআই ও অটোমেশনের মাধ্যমে সেগুলোকে আরও উন্নত করা হবে।
অস্ট্রেলিয়ায় কান্টাসের প্রায় ২৮ হাজার এবং বিশ্বজুড়ে আরও ৪ হাজার কর্মী রয়েছে। এর আগেও জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং ভাড়ার বৃদ্ধির খবরের মাঝে এই ছাঁটাইয়ের ঘোষণা এল। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে প্রযুক্তিগত রূপান্তর ও খরচ কমানোর অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে শ্রমিক ইউনিয়ন ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিমান সংস্থাটি।
তথ্যসূত্র: বিবিসি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন