মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

শীতের সবজিতে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকা ও ময়লা দূর করার সহজ উপায়

ফিচার ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৫:০৯ এএম

শীতের সবজিতে লুকিয়ে থাকা ক্ষতিকর পোকা ও ময়লা দূর করার সহজ উপায়

শীতের সবজি পরিষ্কার করার উপায়

শীতকাল আসতেই দেশের বাজারের বিভিন্ন দোকানে হরেক রকমের শাকসবজির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। বিশেষ করে শীতকালে বাঁধাকপি, ফুলকপির মতো সুস্বাদু সবজির চাহিদা বহুগুণ বেড়ে যায়। তবে বাজার থেকে কিনে আনা এই সব শাকসবজির মধ্যেই অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় লুকিয়ে থাকে। যা অনেক সময় খালি চোখে সহজে দেখে বোঝা যায় না। তাই বাজার থেকে কিনে আনা শাকসবজি রান্না করার আগে তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি।

ঘরে থাকা কিছু সাধারণ ও অল্প উপকরণ দিয়েই বাজার থেকে আনা এসব শাকসবজির মধ্যে লুকিয়ে থাকা কীটপতঙ্গ খুব সহজেই পরিষ্কার করে নেওয়া সম্ভব। প্রাচীনকাল থেকেই বাঁধাকপি কিংবা অন্যান্য শাকসবজি পরিষ্কার করার জন্য ঘরোয়া বিভিন্ন পদ্ধতি বেশ কার্যকরভাবে অবলম্বন করা হয়ে আসছে। বাজার থেকে কিনে আনার পর যে কোনো শাকসবজি রান্নার আগে প্রথমে ভালো করে ধুয়ে, বেছে এবং কেটে নেওয়ার প্রয়োজন পড়ে।

শাকসবজি কাটার পর একটি বড় পাত্রে রেখে তার মধ্যে হালকা গরম পানি এবং দুই থেকে তিন চামচ লবণ মিশিয়ে নিতে হবে। এইভাবে লবণ মিশ্রিত পানিতে দশ থেকে ১৫ মিনিট পাত্রটি ঢেকে রেখে দিতে হবে। গরম পানি এবং লবণের সংস্পর্শে আসা মাত্রই সবজির ভেতরে লুকিয়ে থাকা সব ধরনের পোকামাকড় বাইরে বেরিয়ে আসে এবং পানির উপরে ভাসতে শুরু করে। শাকসবজির মধ্যে থেকে ময়লা ও পোকা বের করার এটি একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

লবণ পানি দিয়ে শাকসবজি ধুয়ে নেওয়ার পর একটি পরিষ্কার পাত্রে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে তাতে আধা চামচ হলুদ মিশিয়ে নিতে হবে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসম্পন্ন এই হলুদ গোলা পানিতে শাকসবজি কিছুক্ষণ চুবিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এর ফলে শাকসবজি থেকে শুধুমাত্র পোকা-মাকড়ই দূর হয় না, সেই সঙ্গে এর গায়ে লেগে থাকা ক্ষতিকারক রাসায়নিক এবং মাটিও পুরোপুরি পরিষ্কার হয়ে যায়।

বাঁধাকপি, ফুলকপি হোক কিংবা অন্যান্য শাকসবজি বাছাই বা কাটার সময় এমন একটি স্থান বেছে নেওয়া উচিত যেখানে পর্যাপ্ত পরিষ্কার আলো পাওয়া যায়। শাকসবজি ভালো করে দেখে ও বেছে তবেই রান্নার কাজে ব্যবহার করা উচিত। তাই সবজি কাটার সময় পরিষ্কার ও পর্যাপ্ত আলো অত্যন্ত জরুরি, যাতে পাতার আড়ালে লুকিয়ে থাকা পোকা সহজে চোখে পড়ে।

শীতকালের সবজির মধ্যে বাঁধাকপি কিংবা ফুলকপি ছাড়াও রান্নার আগে এই জাতীয় সবজিগুলো হালকা গরম পানিতে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেওয়া উচিত। তবে রান্নার আগে সবজি পুরোপুরি সেদ্ধ করার কোনো প্রয়োজন পড়ে না। বাজার থেকে কিনে আনা শাকসবজি ভালো করে কেটে, বেছে নিয়ে লবণ পানি ও হলুদ পানি দিয়ে ধোয়ার পর সবশেষে কলের নিচে রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানির সরাসরি প্রবাহ লাগলে সবজির গায়ে আটকে থাকা বাকি ময়লা বা ছোট পোকামাকড়ও সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।