নভেম্বর ৯, ২০২৬, ১০:৪১ পিএম
উৎসব শেষে শুকিয়ে যাওয়া ফুল, ছিঁড়ে যাওয়া মালা কিংবা ঝরে পড়া পাপড়ি সাধারণত বাড়ির এক কোণে জমতে থাকে এবং বেশির ভাগ মানুষই সেগুলি ফেলে দেন। তবে সামান্য সচেতনতা ও সৃজনশীলতা খাটিয়ে এই ফেলে দেওয়া ফুল দিয়েই বাড়ির নানা কাজে লাগার মতো দরকারী জিনিস তৈরি করা সম্ভব।
বাড়ি বা ছাদবাগান থাকলে শুকনো ফুল ফেলে না দিয়ে সেগুলি দিয়ে সহজেই তৈরি করা যেতে পারে পুষ্টিকর জৈব সার। এর জন্য ফুলের পাপড়ি ছোট ছোট করে ছিঁড়ে কম্পোস্টের পাত্রে অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে মিশিয়ে রাখতে হবে। কিছু দিন পর সেগুলি পচে প্রাকৃতিক সারে পরিণত হবে, যা গাছের মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে। তবে সার তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে ফুলের সঙ্গে কোনো প্লাস্টিকের সুতো, ফিতে বা কৃত্রিম উপাদান মিশে না থাকে।
ঘরের পরিবেশ সুবাসিত করতে শুকনো ফুলের পাপড়ি দিয়ে পটপৌরি তৈরি করা একটি চমৎকার উপায়। গোলাপ ও গাঁদা-সহ বিভিন্ন সুগন্ধি ফুলের পাপড়ি ভালো করে শুকিয়ে নেওয়ার পর তার সঙ্গে দারচিনি, লবঙ্গ কিংবা শুকনো লেবুর খোসা মিশিয়ে একটি সুন্দর পাত্রে রেখে দিতে হবে। ছড়ানো সুবাসের মাত্রা আরও বাড়াতে চাইলে এতে কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েলও যোগ করা যেতে পারে, যা ঘরের কোণে বা ড্রয়িংরুমে রাখলে মনোরম সুবাস ছড়াবে।
শুকনো ফুলের পাপড়ি ব্যবহার করে খুব সহজেই তৈরি করা সম্ভব সুন্দর ডেকরেটিভ মোমবাতি। সাধারণ মোমবাতির বাইরের দিকে ফুলের নকশা ব্যবহার করে সেগুলোকে আকর্ষণীয় করে সাজিয়ে তোলা যায়। তবে শুকনো ফুল দাহ্য হওয়ায় পাপড়িগুলো মোমবাতির সলতের কাছাকাছি রাখা যাবে না এবং জ্বালানো অবস্থায় এই ধরনের মোমবাতি কখনোই অযত্নে ফেলে রাখা উচিত নয়।
বিভিন্ন ধরনের প্রাকৃতিক রং তৈরিতেও শুকনো ফুল কাজে লাগতে পারে। বিশেষ করে গাঁদা ফুলের পাপড়ি পানিতে ফুটিয়ে তা থেকে সুন্দর হলুদ বা কমলা আভাযুক্ত রং বের করে নেওয়া সম্ভব। এই প্রাকৃতিকভাবে প্রস্তুত রং কাগজের নানা কাজ, বিভিন্ন হস্তশিল্প কিংবা ঘর সাজানোর কাজে ব্যবহার করা যেতে পারে।
এ ছাড়াও ঘর সাজানোর নানাবিধ হোম ডেকর সামগ্রী তৈরিতে শুকনো ফুলের জুড়ি মেলা ভার। ফুলের পাপড়ি দিয়ে ছবি বাঁধানো ফটোফ্রেম সাজানো, কাচের পাত্রে শুকনো ফুল রেখে টেবিল ডেকর তৈরি কিংবা হাতে তৈরি গ্রিটিং কার্ডে ফুলের পাপড়ির ব্যবহার বেশ মানানসই। এমনকি চাইলে শুকনো ফুল দিয়ে ছোটখাটো সুন্দর ওয়াল হ্যাঙ্গিংও তৈরি করে নিতে পারেন যে কেউ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন