সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
আবহাওয়া বার্তা

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ১০:২৮ পিএম

দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে, যার পরিমাণ ২৫ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৩৫ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াস।