নভেম্বর ৯, ২০২৬, ১০:১৭ পিএম
নেত্রকোনার পূর্বধলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের পক্ষ থেকে ও তাঁর নির্দেশনায় এই আয়োজন করা হয়। উপজেলার থানারোডস্থ নয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে মহান এই দিবসের তাৎপর্য স্মরণ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে উপস্থিত ব্যক্তিদের মধ্যে পরিবেশ সুরক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মোট ৫০০টি দেশি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করা এসব গাছের মধ্যে রয়েছে—জারুল, অর্জুন, জাম, জলপাই, আমলকি, কাঠবাদাম, চন্দন, বহেরা, কদম, গাব, সেগুন, শিমুল, কৃষ্ণচূড়া, বকুল, গর্জন ও শাল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৃক্ষরোপণে জনসচেতনতা তৈরির জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই আয়োজনে উপস্থিত থেকে কর্মসূচির নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার আহমদ দর্পণ, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্রাহাম লিংকন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলাইমান কবির পাপ্পু।
এ ছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার, আগিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি খুররম, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম শিকদার। এ সময় যুবদল নেতা রুবেল, জুয়েল, আলামিন, ওয়াসিম, সুমন ফকির, খান সুহেল, আব্দুল হেলিম, আব্দুল আউয়াল, আনার ও শাহ আলমসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন