নভেম্বর ৯, ২০২৬, ০৯:২৯ পিএম
রাজধানীর শেরেবাংলা নগর থানার মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পাশাপাশি শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ফার্মগেট স্টেশনের নিচে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে পুনরায় স্টেশনটি চালু করে যাত্রীসেবা কার্যক্রম শুরু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন