নভেম্বর ৯, ২০২৬, ০৬:৫৩ পিএম
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে অপেক্ষারত জাকিয়া সুলতানা নামের এক এসএসসি পরীক্ষার্থীকে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আরেক স্কুলছাত্র ইমনের বিরুদ্ধে।
সোমবার দুপুর সোয়া একটার দিকে থানা পাড়ার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই শিক্ষার্থীর ভাড়া বাসার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর একটার পর কুষ্টিয়া আড়াইশো শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকিয়া সুলতানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাকারিয়ার মেয়ে। সে কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরে জাকিয়া। এ সময় বাসার সামনে দাঁড়িয়ে গেট খোলার জন্য অপেক্ষা করছিল সে। হঠাৎ কালো শার্ট পরিহিত ইমন সেখানে গিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। জাকিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে বখাটে ইমন ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
দীর্ঘদিন ধরে জাকিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল মজমপুর এলাকার ইমন। সেও একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কোচিংয়ে পড়ার সময় থেকেই জাকিয়াকে উত্যক্ত করত সে। বিষয়টি ইমনের পরিবারের সদস্যদের জানানো হলে কিছুদিনের জন্য বিরক্ত করা বন্ধ করে দিয়েছিল সে। তবে পরিবারের ধারণা, তার অভিভাবকদের কাছে অভিযোগ করার কারণেই পরিকল্পিতভাবে জাকিয়াকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়ে থাকতে পারে ইমন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহাদত হোসেন জানান, ঘটনার সময় তিনি বাসার বারান্দাতে দাঁড়িয়ে ছিলেন। প্রথমে বুঝতে না পারলেও পরে দেখতে পান ছেলেটি উপর্যুপরি ছুরিকাঘাত করছে। তিনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে ছেলেটি দৌড়ে পালিয়ে যায়। কাছে এসে দেখেন মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে।
তিনি আরও জানান, সেই মুহূর্তে বেরিয়ে না এলে যেভাবে আঘাত করা হচ্ছিল, মেয়েটির বেঁচে থাকা কঠিন হতো। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জাকিয়াকে ছুরি দিয়ে দশটি আঘাত করা হয়েছে।
আহত জাকিয়ার মা সুমি আক্তার বলেন, ইমন দীর্ঘদিন ধরে আমার মেয়েকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি তার অভিভাবকদের জানানোর পর কিছুদিন সে ক্ষান্ত ছিল। আজ আমার মেয়ে স্কুল ছুটির পর বাড়ির সামনে গেট খোলার অপেক্ষায় থাকায় ইমন হত্যার উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি বর্তমানে হাসপাতালের অপারেশন থিয়েটারে অবস্থান করছি। ভুক্তভোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন