নভেম্বর ৯, ২০২৬, ০৬:১৭ পিএম
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি বরাদ্দকৃত সার বিতরণের সময় বিশৃঙ্খলার জেরে ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে প্রায় ৬০০ বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এই অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। সার নিতে ভোর থেকেই ডিলার পয়েন্টের সামনে বিপুলসংখ্যক কৃষক লাইনে দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে জানা যায়, সোমবার সকাল থেকে চাটমোহরের ছাইকোলা বাজারে ইউনিয়নের জন্য বরাদ্দ করা সার বিতরণ চলছিল প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে। ওই পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য ইতোমধ্যে ১৭১টি মেমো প্রস্তুত করা হয়েছিল। তবে একই এলাকায় বিএডিসির অপর দুই সার ডিলার হবিবুর রহমান ও রহমত আলীর পয়েন্টে সার শেষ হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে। ওই দুই পয়েন্টের হাজারো কৃষক পরে প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে এসে ভিড় জমান।
বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ডিলার পয়েন্টে উপস্থিত কৃষকরা হঠাৎ বিক্ষুব্ধ হয়ে পড়েন। একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে যে যার মতো প্রায় ৬০০ বস্তা সার নিয়ে চলে যান। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয় সচেতন মানুষ ও অতিরিক্ত পুলিশের হস্তক্ষেপে গোডাউনে থাকা বাকি বিপুল পরিমাণ সার লুটের হাত থেকে রক্ষা পায়।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। এ ছাড়াও পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সারের কোনো সংকট নেই এবং অপ্রয়োজনীয় বিশৃঙ্খলা সৃষ্টি করেই এই লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ ব্যক্তিরা আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন। এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাটমোহর থানার ওসি ওলিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান জানান, এলাকায় সারের কোনো ঘাটতি নেই এবং সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। অযথা বিশৃঙ্খলা তৈরি করে সার লুটের এই ঘটনার পর এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লুট হওয়া সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন