শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চাটমোহরে আগুন: চোখের সামনেই ভস্মীভূত ৮টি বসতঘর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১২, ২০২৫, ০৮:৪৯ পিএম

চাটমোহরে আগুন: চোখের সামনেই ভস্মীভূত ৮টি বসতঘর

পাবনার চাটমোহর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে সজনাই গ্রামের সাধু সরদার এবং তার তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার ও সালাম সরদারের বসত ঘরে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

এ সময় ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টিভি ও ফ্রিজসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত আল আমিন সরদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের মোট আটটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আর আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই রইল না। আগুনে আমাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, “আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।