নভেম্বর ৯, ২০২৬, ০৪:৫৫ পিএম
গার্মেন্টস শিল্পখাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীদের নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে নিম্নতম মজুরি বোর্ডে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি এবং এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের দ্বিতীয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বোর্ডের সদস্য ও শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, দেশের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও কারখানা পর্যায়ের শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা, পারস্পরিক আস্থা ও দাবির প্রতি সম্মান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের জন্য আমরা নিম্নতম মজুরির দাবি বোর্ডের কাছে প্রস্তাব করেছি। সেই প্রস্তাবে আজ শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। তবে এর যৌক্তিকতা, পদ ও গ্রেড ইত্যাদি বিষয়ে আগামী সপ্তাহে প্রস্তাব ও আলোচনা হবে।
বাবুল আখতার জানান, প্রস্তাবে শ্রমিকদের ক্ষেত্রে এক নম্বর গ্রেডের জন্য মজুরি আটচল্লিশ হাজার টাকা ও দুই নম্বর গ্রেডের জন্য তিরাচল্লিশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি তিন নম্বর গ্রেডে আটত্রিশ হাজার টাকা, চার নম্বর গ্রেডে বত্রিশ হাজার টাকা এবং শিক্ষানবিশদের জন্য ত্রিশ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।
কর্মচারীদের জন্য এক নম্বর গ্রেডে মজুরি পঞ্চান্ন হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দুই নম্বর গ্রেডের জন্য পঞ্চাশ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা এবং চার নম্বর বা অফিস স্টাফদের বেতন চল্লিশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এর আগে সংবাদ সম্মেলনে সোমবারের বৈঠকের আলোচনা ও গৃহীত সিদ্ধান্ত তুলে ধরেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ সময় তিনি বলেন, আজকের বৈঠকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দেওয়ার জন্য নির্ধারিত ছিল। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা লিখিত প্রস্তাব জমা দিয়েছে, আমরা সেটি গ্রহণ করেছি। তবে মালিকপক্ষ কিছু সমস্যার কথা উল্লেখ করে সাত কার্যদিবসের সময় চেয়েছিল। পরবর্তীতে এটি আলোচনা সাপেক্ষে মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত প্রস্তাব না দিলে বোর্ড পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের কাজে এগিয়ে যাবে।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, শিগগিরই আমরা কিছু কারখানা পরিদর্শন করব, সভায় সর্বসম্মতিক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সময় যেহেতু কম, তাই এই সপ্তাহের মধ্যেই আমরা একাধিক প্রতিষ্ঠান পরিদর্শন করব। এ ছাড়া সোমবারের বৈঠকে সর্বসম্মতিক্রমে বোর্ডের নিরপেক্ষ সদস্য প্রয়োজনে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রস্তাবের বিষয়ে আরও আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সঙ্গে আলাপ করে এক বা একাধিক সদস্যকে এই কার্যক্রমে যুক্ত করতে পারবেন বলেও সিদ্ধান্ত হয়েছে। আগামী ষোলো নভেম্বর পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন