নভেম্বর ৯, ২০২৬, ১০:৩৪ এএম
দেশের জ্বালানি সংকট নিরসনের লক্ষ্যে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। গত রবিবার মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র এবং ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মহেশখালীর মাতারবাড়ীতে স্থলভিত্তিক বা ল্যান্ড বেইজড আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করবে। আগামী দুই বছরের মধ্যে এসব এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাতারবাড়ী প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি আরও বলেন, মাতারবাড়ীতে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন করা হবে। পাশাপাশি তাদের মধ্যে উপযুক্তদের চাকরিপ্রদানসহ আরও নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, গভীর সমুদ্র বন্দরের নির্মাণকাজ শেষ হলে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও অভিযোগ করেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো দীর্ঘকাল আলোর মুখ দেখেনি। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন ও নির্বাচিত সরকার দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করবে এবং সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ এগিয়ে চলছে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন