সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লব ঘটাতে চায় সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০৪:৪৫ পিএম

মাদকবিরোধী সমাজ গঠনে খেলাধুলায় বিপ্লব ঘটাতে চায় সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও প্রতিভাবান খেলোয়াড় শনাক্তকরণ এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার মাধ্যমে একটি সামাজিক বিপ্লব ঘটাতে চায় সরকার।

সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই কথা জানান। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ক্রীড়া খাতের উন্নয়নে বহুমুখী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তৃণমূল থেকে নতুন ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে পাঁচশত তিনটি উপজেলা, পৌরসভা এবং সিটি করপোরেশনে নতুন ক্রীড়া আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই বিশাল কর্মযজ্ঞের আওতায় প্রায় চার হাজার পাঁচানব্বইটি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্ব সম্পন্ন করে আগামী জুনের মধ্যে এই প্রতিযোগিতার জাতীয় পর্ব আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের।

গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরি ও সংস্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও উপযোগী খেলার পরিবেশ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। আমাদের সন্তানরা ও আগামী প্রজন্ম যেন মাদক থেকে দূরে থাকে এবং শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হয়ে গড়ে উঠতে পারে—সেই লক্ষ্যেই এই পরিকল্পনা সাজানো হয়েছে। ধারাবাহিক এসব পদক্ষেপের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে পেশাদারিত্বের একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।