সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০২:০৭ পিএম

রাজধানীতে অটোরিকশাচালকদের ধর্মঘট, চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা আকস্মিক ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় পুরোপুরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল থেকেই ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মিরপুর ও ধোলাইপাড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ থাকতে দেখা যায়। ধর্মঘটের সমর্থনে চালকরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নেন এবং এ সময় তাদের বিভিন্ন দাবিতে নানা স্লোগান দিতেও দেখা যায়।

সকাল আনুমানিক নয়টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মোড়ে মিছিল নিয়ে জড়ো হন অটোরিকশাচালকরা। এদিকে ধর্মঘট চলাকালে সড়কে চলাচলকারী কয়েকটি অটোরিকশা আটকে দেওয়া এবং সেগুলোতে ভাঙচুরের বিক্ষিপ্ত ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও অটোরিকশার হেডলাইট ভাঙচুর করা হয়েছে, আবার কোথাও চালকরা জোর করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

আন্দোলনরত চালকদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি মাত্রাতিরিক্ত বেশি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একজন চালকের পাঁচটির বেশি অটোরিকশা পরিচালনার সুযোগ না রাখার যে বিধান রাখা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা এই কর্মসূচি পালন করছেন।

হঠাৎ করেই অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই বিভিন্ন সড়ক ও মোড়ে শত শত যাত্রীকে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকেই নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে পৌঁছাতে না পেরে বাধ্য হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

ধর্মঘটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছালেও এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।